জ্বালানি খাতের ১৩ কোম্পানির ২৬ জনকে অব্যাহতি

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:৫০ এএম

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন রাষ্ট্রায়ত্ত ১৩ কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালনা বোর্ড থেকে ২৬ জন স্বতন্ত্র পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে। যাদের বেশিরভাগই নিয়োগ পেয়েছিলেন রাজনৈতিক বিবেচনায়। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক অফিস আদেশ দেওয়া হয়।

অব্যাহতি দেওয়া পরিচালকদের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের সহকারী একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তাসহ সাবেক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং অন্য রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন।

কর্মকর্তারা জানান, কোম্পানি পরিচালনায় এসব পরিচালকের তেমন একটা প্রয়োজন না থাকলেও রাজনৈতিক কারণে তাদের নিয়োগ দেওয়া হয়।

তাদের অনেকেরই প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। কারও কারও বিরুদ্ধে তদবির-বাণিজ্য, অযাচিত হস্তক্ষেপসহ নানা অভিযোগ রয়েছে। এর বাইরে নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠান থেকে তারা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধাও নিয়েছেন।

অফিস আদেশের তথ্যমতে, সিলেট গ্যাস ফিল্ড থেকে বাদ দেওয়া হয়েছে মো. গোলাম মোস্তফা, মঞ্জুরুল হক মঞ্জু এবং মো. রোকন উল হাসানকে। এর মধ্যে রোকন উল হাসান সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্বে ছিলেন। বাকি দুজন রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পান। এ ছাড়া জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে অব্যাহতি পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব হুমায়ন কবির লস্কর, মোহাম্মদ মুজাহিদুল  ইসলাম। এর মধ্যে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ছিলেন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড থেকে বাদ দেওয়া হয়েছে তেঁতুলিয়া এলাকার সাবেক সংসদ সদস্য ফরিদা আক্তার হীরা, নাসরিন সুলতানাকে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে বাদ দেওয়া হয়েছে ড. কাজী আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত সচিব মো. মনিরুজ্জামানকে। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড থেকে বাদ দেওয়া হয়েছে উইলিয়াম প্রলয় সমদ্দারকে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে বাদ দেওয়া হয়েছে  অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ জাজরিন নাহারকে। বাংলাদেশ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) পরিচালনা বোর্ড থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আল মামুন মোর্শেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মোহাম্মদ আসাদুজ্জামান, সুফি ফারুক ইবনে আবুবকরকে। এ ছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার একান্ত সচিব মুকতাদির আজিজ, তিতাস গ্যাস কোম্পানি থেকে বাদ পড়েছেন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মনিরা বেগম, মো. সাইফুল ইসলাম, তন্ময় আহমেদ। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির পরিচালক থেকে বাদ পড়েছেন সাবেক প্রতিমন্ত্রীর তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিন সুলতানা লিলি। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড থেকে বাদ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইসমাত মাহমুদকে,  যমুনা অয়েল কোম্পানি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ হাসান উজ্জামান লিটন, পদ্মা অয়েল কোম্পানি থেকে বাদ পড়েছেন সুজাদুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড থেকে বাদ পড়েছেন আবুল ফজল মো. নাফিউল করিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত