বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে গলা কেটে হত্যা

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০২:৪৯ পিএম

বগুড়া সদরের ফুলবাড়ি বারুনী মেলা ব্রীজ এলাকায় বাবর আলী (৫০) নামে এক মুদি দোকানিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে নারুলী পুলিশ ফাড়ি নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এর আগে সোমবার (১২ আগস্ট) রাতে বাড়ির সামনে থেকে ১০-১৫ জন মুখোশধারী তাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবি। নিহত মুদি দোকানি বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে।

নিহতের মেয়ে বীণা বলেন, “আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০-১৫ জন তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগের মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলা কেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে গেছে। আমার বাবার সঙ্গে পূর্বশত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন জানান, “সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলা কাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।”

নারুলী ফাড়ির এসআই সাজ্জাদ হোসেন বলেন, “পূর্বশত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবরকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত