ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। দেশ ত্যাগের পর প্রথমবারের মত বিবৃতি দিয়েছেন তিনি।
বিবৃতিতে, বিক্ষোভ প্রতিবাদের নামে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালানোকারীদের এবং শেখ মুজিবের মূর্তি ভাঙচুরকারীদের বিচার চেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছেলে সজীব ওয়াজেদ শেখ হাসিনার বিবৃতিটি পোস্ট করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিবৃতির শুরুতে শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার বাবাকে এবং পরিবারকে হত্যার কথা উল্লেখ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘বিক্ষোভ প্রতিবাদের নামে সারাদেশে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এসময় ছাত্র শিক্ষক, পুলিশ, সাংবাদিক, সমাজকর্মী, সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা-কর্মী, পথচারীদের হত্যা করা হয়েছে। এমনকি যিনি বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে। আমি এই দাঙ্গাবাজদের শাস্তি চাই, বিচার চাই।’
আন্দোলনকারীদের টার্গেট শুধু তিনি ছিলেন না দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমরা যে বাড়িতে বেড়ে উঠেছি সেই বাড়িটিও টার্গেট করা হয়েছে। সেখানের জাদুঘরটিও জ্বালিয়ে দেওয়া হয়েছে। ছাইয়ে পরিণত হয়েছে সবকিছু।‘
শেখ হাসিনা বলেন, ‘এ কাজের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অসম্মান দেখানো হয়েছে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, আত্মসম্মান পেয়েছি, মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। আমি দেশবাসীর কাছে এর বিচার দাবি করছি।’
তিনি আরো বলেন, ‘আগামী ১৫ আগস্টকে শোক দিবস হিসেবে চিহ্নিত করা হবে, বঙ্গবন্ধু ভবনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি পার করা হবে।‘
ইসরায়েলের হামলায় মাসহ চারদিনের জমজ নবজাতক নিহত