আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করেই ইসরায়েলের কাছে আরও ২০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অস্ত্র বিক্রির অনুমোদন দেন।
দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা।
মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই অনুমোদন দিয়েছেন। যার মধ্যে প্রায় ১ হাজার ৯০০ কোটি ডলারের এফ-১৫ যুদ্ধবিমান ও যন্ত্রপাতি, ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ট্যাঙ্ক কার্তুজ, ৬ কোটি ডলারের বেশি বিস্ফোরক মর্টার কার্তুজ এবং ৫৮ কোটি ডলারের সাঁজোয়া যান রয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে সহায়তার বিষয়টি মার্কিন জাতীয় স্বার্থের জন্য অত্যাবশ্যক।
অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্স-এ একটি পোস্টে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় মার্কিন প্রতিশ্রুতি বজায় রাখতে সাহায্য করার জন্য মার্কিন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র বিক্রির এই ঘোষণা এমন এক সময় এল যখন মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা চরমে। হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার দায়ে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও প্রতিশোধের হুমকি দিয়েছে ইসরায়েলকে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারে অভ্যন্তরীণ অভ্যুত্থান ও সেনাপ্রধান আটকের সংবাদ গুজব