বেদান্ত প্যাটেল

শেখ হাসিনার পতনে মার্কিন সম্পৃক্ততা ‘হাস্যকর’

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:৪৪ পিএম

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১৩ আগস্ট) নিয়মিত বিফ্রিংয়ে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ের এক সাংবাদিক মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে জানতে চান, ছাত্র–জনতার আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত থাকার যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তার মন্তব্য কী?

জবাবে প্যাটেল বলেন, ‘এটা খুবই হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যেকোনো ধরনের অভিযোগই সম্পূর্ণ মিথ্যা। আমরা গত কয়েক সপ্তাহে অনেক ভুয়া খবর দেখতে পেয়েছি, আমরা ডিজিটাল মাধ্যমজুড়ে তথ্যের বিশ্বাসযোগ্যতাকে আরও শক্তিশালী করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ার অংশীদারদের সঙ্গে।

এর আগে গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে, এমন অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ বলে দাবি করে হোয়াইট হাউস।

প্রসঙ্গত, শেখ হাসিনার একটি বার্তার বরাতে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করে যে, সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি না হওয়ায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর এর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত