বাবুল আক্তারের জামিনের সিদ্ধান্ত ১৮ আগস্ট

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৬:২৭ পিএম

চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার অন্যতম আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার জামিনের আদেশের জন্য ১৮ তারিখ দিন ধার্য্য করেছেন আদালত। বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদেশের নতুন তারিখ ঘোষণা হয়।

বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন জানান, সাবেক এসপি বাবুল আক্তারের পক্ষে আদালতে জামিন আবেদন করেছি। দীর্ঘ শুনানি শেষে তার জামিনের বিষয়ে আগামী ১৮ তারিখ আদেশের দিন ধার্য্য করেছেন আদালত।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছিলেন বাবুল আক্তার নিজেই।

আদালতের আদেশে পরে মিতু হত্যা মামলা যায় পিবিআইয়ের হাতে। হত্যাকাণ্ডের প্রায় পাঁচ বছরের মাথায় ২০২১ সালের ১১ মে বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পিবিআই কার্যালয়ে ডেকে নেওয়া হয়। এর পরদিন ১২ মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, মিতু হত্যার সঙ্গে তার স্বামী বাবুল আক্তারের ‘সম্পৃক্ততার প্রমাণ’ পেয়েছেন তারা।

ঢাকায় ওই সংবাদ সম্মেলনের পর সেদিনই চট্টগ্রামে আদালতের প্রসিকিউশন শাখায় ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিলেন পিবিআইর পরিদর্শক মামলার আইও সন্তোষ কুমার চাকমা। এরপর ওইদিনই পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন একটি হত্যা মামলা করেন, যাতে বাবুলকে প্রধান আসামিসহ মোট নয়জনকে আসামি করা হয়।

বাবুল ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তার ‘সোর্স’ কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ভোলা, মুছার ভাই সাইদুল আলম শিকদার ওরফে শাক্কু, মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, মো. আনোয়ার হোসেন, শাহজাহান ও খায়রুল ইসলাম কালু। ওই মামলায় বাবুলকে পিবিআই হেফাজতে নিয়ে পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত