পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ১০৪ জন পাকিস্তানি ও বিদেশিকে তাদের নিজ নিজ ক্ষেত্রে সেবা, শ্রেষ্ঠত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতীয় পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ আগস্ট) দেশটির ৭৭তম স্বাধীনতা দিবসে এই পুরস্কার ঘোষণা করা হয়, যা ২০২৫ সালের ২৩ মার্চ থেকে প্রদান করা হবে।
বিজ্ঞান ও প্রকৌশল, শিক্ষা, চিকিৎসা, শিল্পকলা, সাহিত্য, ক্রীড়া, সমাজসেবা ও জনহিতকর কাজ, উদ্যোক্তা, করদাতা ও রফতানিকারক, জনসেবা, বীরত্ব এবং পাকিস্তানে পরিষেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের এই পুরস্কার প্রদান করেন।
উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে জনসেবার স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে নিশান-ই-পাকিস্তান পুরষ্কার। এছাড়া সম্প্রতি প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জয়ী অলিম্পিয়ান আরশাদ নাদিমের জন্য হিলাল-ই-ইমতিয়াজ পুরস্কার এবং ক্রীড়া বিভাগে পর্বতারোহী মুরাদ সাদপারার জন্য সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কার।
সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য মরহুম নাসির কাজমিকে মরণোত্তর নিশান-ই-ইমতিয়াজ এবং সৌদি যুবরাজ আবদুল আজিজ বিন সালমান আল সৌদকে হিলাল-ই-পাকিস্তান প্রদান।
আজ ১৪ আগস্ট, পাকিস্তানের ৭৭তম স্বাধীনতা দিবস। দেশকে সত্যিকারের ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পাকিস্তান আন্দোলনের চেতনায় কাজ করার অঙ্গীকার নিয়ে দিনটি উদ্যাপন করা হচ্ছে।
এর আগে আজ বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের উদ্যাপন শুরু হয়। আর প্রাদেশিক রাজধানীগুলোয় ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। দেশের শান্তি, সংহতি ও সমৃদ্ধির জন্য মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়। মূল আয়োজনটি ছিল রাজধানী ইসলামাবাদে, জাতীয় পতাকা উত্তোলন। এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রতিটি প্রাদেশিক রাজধানী, বিভাগ ও জেলায় একই আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে লাহোরে আল্লামা ইকবালের সমাধি ও করাচিতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে গার্ড অব অনার দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানে আজ সরকারি ছুটি।
স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বাণীতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় সংহতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন।
