নরসিংদীতে দেশ রূপান্তরের প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম

নরসিংদীর রায়পুরায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনিরের উপর হামলা ও গুলির ঘটনায় মানববন্ধন করেছে জেলার সাংবাদিকরা।

আজ বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকরা এই বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপন করেন।

নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ হোসেন রাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ স্বপন, সিনিয়র সদস্য হলধর দাস, জয়নাল আবেদীন, মো. ফারুক মিয়া, মনজিল-এ-মিল্লাত, নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার নরসিংদী প্রতিনিধি সুমন বর্মণ, বাংলা টিভির জেলা প্রতিনিধি শরিফ ইকবাল রাসেল, নরসিংদী জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি  শফিকুল ইসলাম মতি,  রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের উপদেষ্টা টি এইচ আজাদ, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি মো. খোরশেদ আলম, সদস্য মো. মোমেন মিয়া, ফাহিমা খানম, পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক  মোবারক হোসেন।

এ সময় নরসিংদী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ দীপ, কোষাধ্যক্ষ তন্ময় সাহা, দপ্তর সম্পাদক ইদুল ফিতর, সদস্য শামীম মিয়া, দিদার হোসেন পিন্টু, কবির হোসেন, রাব্বী সরকার, ইয়াসিন মিয়া, সৈয়দ ইমরান হোসেন, হিমেল দে ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, এখন থেকে আর কোন সাংবাদিকদের উপর হামলা মেনে নেওয়া হবে না। মনিরের উপরে সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় না আনা হলে সুশীল সমাজকে সাথে নিয়ে জেলার সাংবাদিক মহল আন্দোলনে নামবে।

গতকাল মঙ্গলবার দুপুরে মনির রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফেরার সময় সন্ত্রাসীরা তার উপর হামলা করে। সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বাইরে এনে হ্যামার ও কাঠ দিয়ে পিটিয়ে পায়ে-হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত