বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার (১৪ আগস্ট) ঢাকার জাতিসংঘ কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। দলটির যুগ্ম মহাসচিব বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতি, শান্তি-শৃংখলা ফিরিয়ে আনা, কোটা সংস্কার কেন্দ্র করে ছাত্রদের আন্দলনের মাধ্যমে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার, দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আইএমএফ ও বিশ্ব ব্যাংকের সহযোগিতা, স্বাধীনভাবে সাংবাদিকতা করার লক্ষ্যে ডিজিটাল আইন, বিভিন্ন বিতর্কিত আইনের সংস্কার, দরবার, দরগাহ, মাজার, খানকাহ সমুহ ভাঙচুর ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ভিন্ন ধর্মালবম্বীদের ওপর হামলা এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ আগামী দিনের বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কোটা সংস্কার আন্দলনে এযাবৎ যারা নিহত ও আহত হয়েছেন তাদের হত্যকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘের নেতৃত্বে তদন্তের আহ্বান জানানো হয়।
এ সময় বাংলাদেশ তরীকত ফেডারেশন বিটিএফের পক্ষ থেকে এ বিষয়ে চিঠি হস্তান্তর করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরীকত ফেডারেশন বিটিএফের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।
যারা লুটতরাজ-চাঁদাবাজি করবে তাদের ছাড় নেই: জামায়াত আমির
চট্টগ্রাম প্রেসক্লাবে ঢুকে হামলা, আহত ২০ সাংবাদিক