সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্রলীগ নেতাদের সক্রিয় হওয়ার গুঞ্জন উঠেছে। কয়েকজন নেতা ইতিমধ্যে হলে অবস্থান করেছেন এবং পনেরো আগস্টকে ঘিরে তৎপরতা বৃদ্ধি করছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বুধবার (১৪ আগস্ট) সিকৃবির সাধারণ শিক্ষার্থীরা ৪ দফা দাবির জন্য ক্যাম্পাসে মানববন্ধন করে। এতে অংশগ্রহণ করতে দেখা যায় সিকৃবি শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস নাইম ও কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল্লাহ। রাজনীতির পক্ষে থেকে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ব্যাচের ভোটাভুটি অংশগ্রহণ না করায় তাদেরকে বয়কটের ঘোষণাও দেওয়া হয়।
এছাড়াও যারা ছাত্রলীগের মিছিলে সামনে সারিতে অবস্থান করেও পদ পায়নি এবং যারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন তাদের অনেককে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে আন্দোলন পরিচালনা করতে দেখা গেছে।
পদত্যাগ না করেও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে মানববন্ধনে দুই ছাত্রলীগ নেতার অংশগ্রহণের বিষয়টি জানাজানি হলে ‘সিকৃবিয়ান কমনরুম’ নামক একটি গ্রুপে ফাহমিদা হোসেইন জয়নব নামের এক শিক্ষার্থী লিখেন, আজকে ৪ দফা দাবিতে আমরা যে মানববন্ধন করি, সেখানে পূর্বের ছাত্রলীগের কমিটির ২ জন পোস্টেড (যারা পদত্যাগ করেনি) নেতা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে থেকে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা যারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আছি, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোনো আওয়ামী লীগের কেউ আমাদের ব্যানারে আসতে বা থাকতে পারবে না।
তিনি আরও লিখেন, যারা আজকে এই কাজ করেছেন আমাদের সাধারণ শিক্ষার্থীদের চোখ ফাঁকি দিয়ে, আপনাদেরকে অতি সত্ত্বর হল ত্যাগ করতে হবে। নয়তো সাধারণ শিক্ষার্থীরা বাকিটা বুঝে নেবে।
