কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় নিজ বাসা-বাড়ির আঙিনা ও বারান্দায় গুলিতে শিশু নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও নিহত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ প্রশ্নে রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ হতে পারে। গতকাল বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট এ রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আদেশের জন্য এদিন ধার্য করে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৈমুর আলম খন্দকার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদোয়ান আহমেদ রানজীব।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গুলিবিদ্ধ হয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত ৩১ জুলাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এ রিট আবেদনটি করেন। এতে আহাদ, রিয়া, সামির, হোসাইন, মোবারক, তাহমিদ, ইফাত ও নাঈমাসহ গুলিবিদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয় আবেদনে।
