ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেল দুর্বৃত্তরা

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম

এইতো কিছুদিন আগেই ইউরোর আসর মাতিয়ে দিলেন স্পেনের নতুন সেনসেশন লামিনে ইয়ামাল। তাকে নিয়ে তৈরি হলো কত গল্পগাঁথা। সেই ইয়ামালের পরিবারেই এখন গভীর সংকটে। স্পেন ও বার্সেলোনার নবীন এই ফুটবলারের বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এই খবর জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’।

বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের বাড়িতে পোষা কুকুরকে নিয়ে কার পার্কিংয়ে হাঁটছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। ঘটনাক্রমে সেখানে কিছু লোকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর লোকগুলো তাকে একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায়। মারাত্মক আঘাত পেলেও মৌনিরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ। তবে তারা অফিসিয়ালি বিষয়টি নিয়ে কোনো কথা বলেনি। বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে জানতে চাইলেও তারা কোনোরকম তথ্য দেয়নি। তবে স্পেনের পত্রিকাটি এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের খবরও দিয়েছে।

১৭ বছর বয়সী ইয়ামালের শৈশব-কৈশোর কেটেছে মাতারোর রোচাফন্দায়। বার্সেলোনার এই উইঙ্গার গোল করে হাত দিয়ে ‘৩০৪’ দেখিয়ে উদ্‌যাপন করেন, সেটি হলো ওই অঞ্চলের পোস্ট কোড। এত অল্প বয়সেই তারকাখ্যাতি পেয়ে গেছেন ইয়ামাল। কিছুদিন আগে জিতেছেন ইউরোর শিরোপা। বাবার আহত হওয়ার ঘটনায় এখনো ইয়ামাল কিছুই বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত