কলকাতার আরজি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের অপরাধীদের শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন নারীরা। কলকাতা তথা বাংলা সিনেমার তারকারাও যেমন এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন, তেমনই গর্জে উঠেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী আলিয়া ভাট। মৃতা পড়ুয়া চিকিৎসকের জন্য কবিতা পাঠ করলেন অভিনেতা আয়ুষ্মান। নির্ভয়ার পর আবারও এমন এক ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন আলিয়া।
আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমাতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তা হলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।”
আলিয়া ভাট লিখেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুড়ে কুড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নারীদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’’
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভ-প্রতিবাদে ফুঁসছে কলকাতা। বিভিন্ন হাসপাতালে চলছে কনিষ্ঠ ও আবাসিক চিকিৎসকদের কর্মবিরতি। ক্ষোভ ছড়িয়ে পড়ছে অন্যান্য রাজ্যেও।
নারী শরীর যুদ্ধক্ষেত্র নয় 