বাংলাদেশ ইস্যুতে প্যাটেল

ভারতসহ অন্যদের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৪:৩৭ এএম

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে এবং সহিংসতার অবসান ঘটাতে ভারত ও এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে গত বুধবার এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

ব্রিফিংয়ে নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে প্রশ্ন করলে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে আমরা আমাদের ভারতীয় অংশীদার ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত করেছি।’

তবে ব্যক্তিগত কোনো প্রকার কূটনৈতিক আলোচনায় যাবেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, সেই সঙ্গে জবাবদিহি প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে চাপ অব্যাহত রাখতে চাই।’

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতের বিষয়ে ভারতীয় বংশোদ্ভূত দুজন মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি ও শ্রী থানাদারের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে পাঠানো চিঠি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) সহকর্মীদের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। আমি নির্দিষ্ট কোনো চিঠি বা যোগাযোগ প্রসঙ্গে বলছি না। তবে এটুকুই বলতে চাই, অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের শান্ত থাকার ও সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটানোর আহ্বানকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি দেশে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে সুরক্ষায় নতুন সরকারের গুরুত্ব দেওয়ার বিষয়টিকেও আমরা স্বাগত জানাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত