সাগরে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম

কক্সবাজারে সাগরে গোসলে নেমে আতাহার নূর কাইফ (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আতাহার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে এবং কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, শুক্রবার সকালে আতাহার তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের বন্ধুসহ সাগরের কলাতলী পয়েন্টে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতাহার ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা দুইজনের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা উদ্ধারে গেলেও আতাহারের সন্ধান পাননি। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল। সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙ্গানো হলেও নির্দেশনা না মেনে অনেকে গোসল করছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত