ব্যাটারদের বধ্যভূমিতে বড় লিডের পথে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১১:২৯ এএম

গায়ানা টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৭ উইকেট। দ্বিতীয় দিনে পড়ল ৮টি। পেসারদের স্বর্গে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মার্করাম এবং কাইল ভেরানের ফিফটিতে তারা বড় লিডের পথে আছে। দ্বিতীয় দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ২২৩ রান। তারা এগিয়ে আছে ২৩৯ রানে।

প্রথম ইনিংসে মাত্র ১৬০ রানে অল-আউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজও গুটিয়ে যায় মাত্র ১৪৪ রানে। আগের দিনের ৭ উইকেটে ৯৭ রানের সঙ্গে তারা আরও ৪৭ রান যোগ করে। জেসন হোল্ডার (৫৪*) ও শামার জোসেফের (২৫) শেষ উইকেট জুটিতেই ওঠে ৪০ রান। ১৬ রানে এগিয়ে থেকে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংস শুরু করে। মার্করাম আর টনি ডি জর্জি মিলে গড়েন ৭৯ রানের ওপেনিং জুটি। ডি জর্জি ৭২ বলে ৩৯ আর মার্করাম ১০৮ বলে ৫১ রান করেন।

এটা মার্করামের টেস্ট ক্যারিয়ারের ১১তম ফিফটি।  তিনে নামা ট্রিস্টান স্টাবস ২৪ আর অধিনায়ক টেম্বা বাভুমা করেন মাত্র ৪ রান। এরপর ছোট্ট একটা ধস নামলে তা সামাল দেন ভেরানে। ৭১ বলে ফিফটি পূরণ করে তিনি ঠিক ৫০ রানেই অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ওয়েন মুল্ডার অপরাজিত ৩৪* রানে। ক্যারিবিয়ানদের হয়ে ৫২ রানে ৩ উইকেট নিয়েছেন জেইডেন সিলস ২টি নিয়েছেন গুডাকেশ মোইতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত