আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০১:৫৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষ ও সংঘাতে আহত ব্যক্তিদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাসহ চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবে সরকার।

শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণে আগামীকাল রবিবার (১৮ আগস্ট) বৈঠকে বসবে।

বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় আপাতত বিল গ্রহণ না করতে অনুরোধ জানানো হয়েছে। 

প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল ছেড়ে যাওয়ার আগে নুরজাহান বেগম সাংবাদিকদের বলেছিলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত