বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার শুনানি শেষে মহানগর হাকিম জুয়েল দেব এ আদেশ দেন বলে জানান অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।
মফিজ উদ্দিন জানান, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডবলমুরিং থানার ওসি ফজলুর কাদের পাটোয়ারী জানিয়েছেন, নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে শুক্রবার রাতে আওয়ামী লীগের সাবেক এই এমপিকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে , গত ৪ আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে দেওয়ানহাট এলাকায় গুলিতে আহত হন এরশাদ নামের এক ব্যক্তি। নগর ছাত্রলীগ নেতা জাকারিয়া দস্তগীরসহ আসামিরা রড, হকিস্টিক দিয়ে বাদী ও তার সঙ্গে থাকা লোকজনকে পিটিয়ে আহত করেন বলে এজাহারে বলা হয়েছে।
আহত এরশাদ বাদী হয়ে এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন।
আন্দোলনে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার