বিএনপির এমপির নজর গরুর ব্যবসায়, ফেসবুকে পোস্ট

আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:০৭ পিএম

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া এবার কোরবানির ঈদে গরুর ব্যবসা করার ইচ্ছা প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। 

এমপি মোবাশ্বের তার পোস্টে লেখেন, আমার গাড়ি ও বাড়ির ব্যবসা খুব খারাপ যাচ্ছে, আসন্ন ঈদ উপলক্ষে আমি গরুর ব্যবসা করব, আমার নেতাকর্মীদের মান-সম্মানে কোনো আঘাত আসবে কি না, কমেন্ট করে জানাও।

এই পোস্টের পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যেখানে তার শুভাকাঙ্ক্ষীরা এই নতুন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন, সেখানে সমালোচকরা তাদের উদ্বেগ প্রকাশ করছেন।

গিয়াসউদ্দিন নামে একজন ফেসবুক ব্যবহারকারী এমপির পোস্টে মন্তব্য করেছেন, বর্তমান যুগে অবশ্যই এটা অনেক ব্যয়বহুল ব্যবসা এবং এই ব্যবসা যিনি করেন, তিনি সমাজের সবচেয়ে উচ্চতর মানুষগুলোর কাছে সম্মানিত হয়ে থাকেন। ইচ্ছে করলেই সমাজের কয়েক লাখ মানুষের মধ্যে একজন গরুর ব্যবসায়ী সৃষ্টি হতে পারেন না।

মিজানুর রহমান নামে আরেকজন তার সমর্থন জানিয়ে লিখেছেন, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন চুরিকে হারাম করেছেন। তাই আপনি ব্যবসা করলে নেতাকর্মীদের সম্মান যাওয়ার প্রশ্নই ওঠে না। আপনি অবশ্যই ব্যবসা করবেন। আল্লাহ আপনাকে কামিয়াবি করুন— আমিন।

এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ছিলেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এবার গরুর ব্যবসা করার ইচ্ছাপ্রকাশ করে তিনি আবারও জনমনে কৌতূহল সৃষ্টি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত