কক্সবাজার শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণে যুবক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। শুক্রবার (১৬ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা করা হয়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল শেষে তারা ফিরে যাবার সময় শহরের গুনগাছ তলা এলাকায় আসামিরা হামলা ও গুলি চালায়। এতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শালকে। এছাড়াও আসামি করা হয়েছে মার্শালের ভাই সাবেক সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সাবেক সংসদ সদস্য ও হুইপ সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন সেতু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়, জেলা ছাত্রলীগের সহসভাপতি মাইন উদ্দিন, খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান শাহাজাহান সিদ্দিকীসহ অজ্ঞাত ১৫০ জনকে।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, এসআই মো. সেলিম মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে আসামি করে এ মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
