ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। আগামীকাল রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। শেখ হাসিনা সরকারের চরম নির্যাতনের শিকার হয়ে ২০১৬ সালে দেশ ছাড়েন তিনি।
তার দেশে ফেরাকে উদযাপন করতে গঠিত হয়েছে ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি’। লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে শনিবার (১৭ আগস্ট) ‘শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটির’ পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমানের ঢাকায় প্রত্যাবর্তন উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা প্রচেষ্টা মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল ডিবি পুলিশ তাকে বেইলী রোডের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। ওই মামলায় দুই দফায় তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ছয় মাস কারাগারে থাকার পর সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশনের অনুমতি নিয়ে লন্ডনে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত স্ত্রীর কাছে যান।
দীর্ঘ প্রক্রিয়ার পর গত বছরের ১৭ আগস্ট সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের’ মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর। একইসঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই দণ্ডাদেশ মাথায় নিয়েই রবিবার বেলা ১২টায় বাংলাদেশ বিমান-এর (নং-২০২) ফ্লাইটে ঢাকায় প্রত্যাবর্তন করছেন তিনি। দেশে ফেরার পর তিনি আদালতে যাবেন।
শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় না দেওয়ার পক্ষে রূপা হক