সেনানিবাসের অভ্যন্তরে বর্তমানে বিদেশি মিশনের কোনো ব্যক্তি অবস্থান করছেন না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধও জানিয়েছে আইএসপিআর।
গতকাল শনিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বৈদেশিক মিশনসমূহ নিরাপত্তা জোরদারের জন্য বারংবার অনুরোধ করে। সে সময় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে একমাত্র সক্রিয় সেনাবাহিনীর কাছে তারা উক্ত নিরাপত্তা প্রদানের জন্য সহায়তা চায়। এ পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত কূটনৈতিক এলাকা ও দূতাবাসের নিরাপত্তা বিধানে উল্লেখযোগ্যসংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়, যা বর্তমানে চলমান রয়েছে।’
আইএসপিআর আর জানায়, ‘ভারতীয় হাইকমিশনের অনুরোধে শুধুমাত্র অসামরিক সদস্যদের ঢাকা সেনানিবাসসহ অন্যান্য সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়। পাশাপাশি কিছু সংখ্যক সদস্য নিজ নিজ কনস্যুলেট ভবনে এবং বিভিন্ন হোটেলে অবস্থান করায় উক্ত স্থানসমূহের নিরাপত্তা প্রদান করা হয়। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কিছু সংখ্যক রাশিয়ান বিশেষজ্ঞকেও নিরাপত্তা প্রদান করা হয়। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে।’
