জামালপুরে আ.লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১২:২৮ পিএম

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও হত্যার চেষ্টার  ঘটনায় আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির।

তিনি জানান, শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়েছে। বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদি হয়ে চারটি মামলা দায়ের করেছেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মেদ ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহাম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো.খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহারিয়ার ইসলাম রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান তুষারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, জামালপুর পৌর শহরের হাইস্কুল মোড় পুরাতন শিল্পকলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের র‌্যালিতে আগ্নেয়াস্ত্র নিয়ে নাফিজুর রহমান তুষার, শাহরিয়ার ইসলাম রাফি ও ফারহান আহাম্মেদসহ অনেক নেতাকর্মী হত্যার চেষ্টা করে হামলা চালায়। এ ঘটনায় নাফিজুর রহমান তুষার, শাহরিয়ার ইসলাম রাফি ও ফারহান আহাম্মেদের নাম উল্লেখ করে এবং ২’শ থেকে ৩’শ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া পুরাতন বাইপাস মোড় এলাকায় বিজন কুমার চন্দের নেতৃত্বে ও নির্দেশে ছানোয়ার হোসেন ছানুসহ ৬২ জন সংঘবদ্ধ হয়ে আব্দুল করিম কামরানের ওপর হামলা ও হত্যার চেষ্টা করে। এ ঘটনায় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের ৬২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে সদর উপজেলার ঘোরধাপ এলাকায় সংগঠিত ভিন্ন দুই ঘটনায় আরও দুইটি মামলা দায়ের করা হয়েছে।

এ চারটি মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৯০ জনকে আসামি করা হয়েছে। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, ‘এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত