ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৬:৩৮ পিএম

আসছে ২ থেকে ১০ সেপ্টেম্বর ফিফা প্রীতি ম্যাচ উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ম্যাচ দুটির ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইছে ঢাকাতে দুটি ম্যাচ আয়োজন করতে। তবে এখনও ভুটান এ ব্যাপারে তাদের সম্মতি জানায়নি।

সোমবার ভুটান তাদের সিদ্ধান্ত জানাবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ঢাকায় এসে ভুটান যদি খেলতে না চায় তবে বাংলাদেশ থিম্পু গিয়ে খেলবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

বিশ্ব র‌্যাংকিংয়ে ভুটান দুই ধাপ এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে। ১৮২তম ভুটানকে সেপ্টেম্বরে দুই ম্যাচে হারাতে পারলে র‌্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। তাতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের ড্রয়ে মিলবে বাড়তি সুবিধা। তুষার জানান, এ কারণেও ভুটানকে বেছে নিয়েছে প্রতিপক্ষ হিসেবে।

ঢাকায় ম্যাচ আয়োজনের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিলাম। তবে এই পরিস্থিতিতে ভুটানেরও একটা সম্মতি নেওয়ার ব্যাপার আছে। তারা সোমবার আমাদের জানাবে। যদি ওরা এখানে এসে খেলতে না চায়, তবে আমরা ওদের ওখানে গিয়ে খেলবো। সামনের উইন্ডোতে অবশ্যই খেলা হবে।’

ভুটানকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়ার কারণ হিসেবে তুষার বলেন, ‘বর্তমান রেটিং অনুযায়ী এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বের চতুর্থ পটে আছি। এখানে থাকলে বাকি তিনজন প্রতিপক্ষই শক্তিশালী হবে। এখন ভুটান আমাদের চেয়ে কিছুটা এগিয়ে। তাদের যদি হারাই তবে র‌্যাংকিংয়ে কিছুটা উন্নতি হবে। তাতে আমরা তিন নম্বর পটে চলে আসবো। যেটা আমাদের জন্য ভালো হবে।’

এদিকে শনিবার দীর্ঘ ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত