নেত্রকোণা

ডিসি অফিসের মিটিংয়ে এসে বিপাকে উপজেলা চেয়ারম্যান

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১০:৩৯ পিএম

নেত্রকোণায় জেলা প্রশাসনের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় এসে তোপের মুখে পড়েছেন মদন উপজেলা চেয়ারম্যান ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ। রবিবার সকালে ডিসি অফিসের সামনে আসলে উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করে। 

ইফতেখারুল আলম মদন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়াও তিনি গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জেলা প্রশাসকের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতি মাসে জেলা প্রশাসক জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মাসিক উন্নয়ন সমন্বয় সভা করেন। এরই ধারাবাহিকতায় আগস্টের মাসিক উন্নয়ন সভা ১৮ তারিখ নির্ধারণ করা হয়। এতে প্রত্যেক উপজেলা থেকে ইউএনও আসেন। অন্য কোনো উপজেলা চেয়ারম্যান না আসলেও ইফতেখারুল আলম সভায় অংশ নিতে আসেন। চেয়ারম্যানের গাড়ি দেখে লোকজন জড়ো হয়ে তাকে মারধর শুরু করে।

এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী তাকে উদ্ধার করে জেলা প্রেসক্লাবে নিয়ে যায়। পরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিমের মাধ্যমে এক আত্মীয়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।

মদন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইফতেখারুল আলম বলেন, বিএনপির নেতৃবৃন্দ আমাকে আমার আত্মীয়ের কাছে বুঝিয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত