নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আল মামুন জানান, রেললাইনের পাশে ঘটনা হওয়ায় ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।