কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে গুলি, দোকান ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
গতকাল রোববার (১৮ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে মামলাটির আবেদন করেন উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. জাহেদ। বাদীর জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আবেদনটি আমলে নেন এবং তা এজাহার হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দেন।
মামলায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন হিরু ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদওয়ানুল হক সুজনসহ ৭৩ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান জানান, আদালত মামলাটি এফআইআর হিসেবে গণ্য করতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নুইরগা ডেবা স্থানে আসামিরা অশ্লীল নাচ-গানের আয়োজন করে। একপর্যায়ে এলাকার সচেতন মহল আসর বন্ধ করতে বললে আসামিরা প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেন। এ ছাড়াও গত ৪ আগস্ট উপজেলা সদর বটতলী স্টেশনে চৌধুরী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা ও গুলি করে আসামিরা।
এ সময় আশপাশের দোকান ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আসামিরা হাসনাত নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে যায়। এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গেলে শিক্ষার্থীদের গুলি করে মেরে ফেলা, মামলা দিয়ে জেলে দেওয়া এবং বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিও দেন আসামিরা।
শেখ হাসিনা, হাছান মাহমুদ, নওফেলসহ ২৫০ জনের নামে মামলা
ফজলে করিমসহ ২৭ জনের নামে মামলার আবেদন