জনতার বিক্ষোভে আদালতে নেওয়া যায়নি সাবেক এমপি লতিফকে 

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৮:৫৪ পিএম

আইনজীবী ও সাধারণ জনতার তোপের মুখে প্রিজন ভ্যান থেকে নামানো যায়নি চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে। গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে তাকে আদালতে নেওয়া হলে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবির জানান, ৩ দিনের রিমান্ড শেষে আজ বিকাল ৪টার দিকে সাবেক এমপি এমএ লতিফকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে নেওয়া হলে বিক্ষোভ শুরু করেন বিপুল সংখ্যক আইনজীবী ও সাধারণ মানুষ। নিরাপত্তার স্বার্থে তাকে প্রিজন ভ্যান থেকে না নামিয়ে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে।

পুলিশ সূত্র জানায়, এমএ লতিফের চিকিৎসা ও কারাগারে ডিভিশনের আবেদন করেন তার আইনজীবী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন।

এর আগে গত শনিবার সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার মাজার গেট এলাকা থেকে এম এ লতিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। কোটা সংস্কার আন্দোলনকারীদের একজনকে মারধর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ডবলমুরিং থানায় করা একটি বিস্ফোরক মামলায় লতিফকে জিজ্ঞাসাবাদ করতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত