ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিভিন্ন জেলায় অনুষ্ঠিত মানববন্ধনে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বরিশাল
মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংবাদিক সমাজ ব্যানারের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বরিশালে কর্মরত সাংবাদিকসহ ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি আন্দোলনের মধ্য দিয়ে আজ যখন দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, তখন আবার একটি পক্ষ গণমাধ্যমের বন্ধুদের ওপর হামলা চালাচ্ছে। শুধু গণমাধ্যমের বন্ধুদের নয়, এবার তারা গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালাচ্ছে।
এসময় গণমাধ্যম ও গণমাধ্যমের কর্মীদের ওপর প্রতিটি হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কর্মকর্তারা।
মানববন্ধনে সাংবাদিক সাইফুর রহমান মিরন ও মুশফিক সৌরভের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, কালের কণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান ফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক কাওসার হোসেন রানা, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুমন, দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান শাহিন হাফিজ, সিনিয়র সাংবাদিক সাঈদ মেমন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, মাইটিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল, কবি ও সাংবাদিক সৈয়দ মেহেদি হাসান প্রমুখ।
একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক মেহেদী হাসান শুভ, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বরিশালের সহসভাপতি জুয়েল হোসেন রানা, সাধারণ সম্পাদক রাতুল আহমেদ প্রমুখ।
বগুড়া
ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদে বগুড়ায় মঙ্গলবার বিকালে মানববন্ধন করেছে হৃদয়ে বগুড়া নামের একটি সংগঠন। অপরদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার বিভিন্ন রাজনৈতিক নেতারা।
শহরের সাতমাথায় মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ প্রতিদিন বগুড়া অফিসের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু, নিউজ২৪ বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবু, দেশ রূপান্তর বগুড়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন জনি, বনিক বার্তার বগুড়া প্রতিনিধি এইচ আলীম, কালের কণ্ঠ বগুড়া ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, পাঠক ফোরাম শুভ সংঘ বগুড়ার সাধারণ সম্পাদক আশফাক, বগুড়া টাইমস'র সদর প্রতিনিধি রবিউল করিম হৃদয়, বাংলাদেশ সময় বগুড়া প্রতিনিধি সজল শেখ, স্বাধীন মত বগুড়া জেলা প্রতিনিধি এসএম দৌলত, অনলাইন এনসিএন'র রিপোর্টার ববিন রহমান সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর পরিকল্পিত হামলার প্রতিবাদ জানান ও সেইসঙ্গে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত শাস্তির দাবি জানান।
ঝিনাইদহ
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক শারমিন সুলতানা, জেলা সমন্বয়ক মামুন,জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি এম এ কবির,সাংবাদিক নেতা স্বপন মাহমুদসহ ঝিনাইদহের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
নীলফামারী
ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ডিসির মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সভাপতি আব্দুল মজিদ, নীলফামারী প্রেসক্লাবের সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, আনোয়ারুল আলম প্রধান, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক, সৈয়দপুর প্রতিনিধি এমআর আলম ঝন্টু, চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ কাজল, কালের কণ্ঠের প্রতিনিধি ভুবন রায় নিখিল, বাংলা নিউজের প্রতিনিধি আমিরুজ্জামন, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রশিদ, ডেইলি সানের প্রতিনিধি এমআর রাজু, ইনডিপেনডেণ্ট টেলিভিশনের প্রতিনিধি মাহমুদ আল-হাসান রাফিন প্রমুখ।
বক্তারা যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শরীয়তপুর
দেশের গণমাধ্যম প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা প্রত্যেক গণমাধ্যমের জন্য অশনিসংকেত বলে মন্তব্য করেছেন শরীয়তপুরের সাংবাদিক নেতারা। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ কথা জানান তারা।
এসময় বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে যারা হামলা চালিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা দুষ্কৃতিকারী। এ ধরনের হামলা মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা।
