প্রধান উপদেষ্টার কাছে নারী নেত্রীদের একগুচ্ছ সুপারিশ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:৫৯ এএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে আহতদের দ্রুত চিকিৎসা এবং আগের ভুলের পুনরাবৃত্তি এড়াতে বিচার বিভাগীয় সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে নারী নেত্রীরা বেশ কিছু সুপারিশ তুলে ধরেন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে পদক্ষেপ গ্রহণ ও নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার দাবি জানান। এ সময় প্রধান উপদেষ্টা তাদের কথা শোনেন এবং সুপারিশগুলো ইতিবাচকভাবে বিবেচনা করেন।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

অগ্রাধিকারভিত্তিক তালিকা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়েছে উল্লেখ করে রিজওয়ানা সাংবাদিকদের বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল সবার কথা শোনা এবং আমাদের যে বৃহত্তর সংস্কার পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মতামত নেওয়া। অগ্রাধিকার প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পরিবর্তন আনতে না পারলে দলীয় সরকারের অধীনে তা করা কঠিন হতে পারে।’

সমাজকে নারীবান্ধব করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে রিজওয়ানা বলেন, ‘শুধু নারীদের সমস্যা নিয়ে নয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টা নূর জাহান বেগম ও ফরিদা আক্তার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, শিরিন হক, সামিয়া আফরিন, সীমা দাস সিমু, তাসলিমা আক্তার, রিতু সাত্তার, বীথি ঘোষ, সুলতানা বেগম, নিগার সুলতানা, সুফিয়া রহমান, তাসকিন ফাহমিনা, মেঘনা গুহঠাকুরতা, রানী ইয়ান ইয়ান, অধ্যাপক দিলারা চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন, শাহীন আনাম, নিরূপা দেওয়ান, অধ্যাপক ফাহমিদা খাতুন, শ্যামলী শীল, আইরিন খান ও নাবিলা ইদ্রিস বৈঠকে অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত