ফেনীর তিন এমপির নামে আরও একটি হত্যা মামলা 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০১:৩৫ পিএম

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে সিহাব (১৭) নিহতের ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান করে ফেনী-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ ১৫১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে  অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। 

মঙ্গলবার (২০ আগস্ট) নিহত শিক্ষার্থী ওয়াকিল আহমদ সিহাবের (১৭) মা মাহফুজা আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। 

নিহত ওয়াকিল আহমদ শিহাব ফেনী সদর উপজেলার দক্ষিন কাশিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নিহত সিহাব জায়লস্কর স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলাকালে সিহাব গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে পিটিয়ে আসামিরা হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় দায়েরকৃত পৃথক মামলায় পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত