ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে স্টিলের একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় যোগাযোগ থেকে বিছিন্ন হয়ে পড়েছেন ১৫ গ্রামের লোকজন। বেইলি ব্রিজটির পাশেই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। ঈশ্বরগঞ্জের শস্যভাণ্ডার খ্যাত উচাখলা ইউনিয়নের অনেক ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্রের গর্ভে।
উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজার থেকে মরিচার গ্রামে যাওয়ার সড়কে বটতলা মোড় সংলগ্ন স্টিলের ওই বেইলি ব্রিজ ভেঙে চরম বিপাকে পড়েছে ১৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
সরজমিনে দেখা গেছে, দক্ষিণ চরআলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের পানিতে ভেঙে পড়ে আছে স্টিলের ব্রিজ। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার ভোররাত ৫টার দিকে প্রবল স্রোতে কালভার্টের নিচ থেকে মাটি সরে যাওয়ার কারণেই ভেঙে পড়ে যায়। এটি ভেঙে সড়কের দুই পাশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতেই উচাখিলার উজানচর, মরিচারচর, চরআলগী, টানপাড়া, টান মলামারি,মাইজপাড়া ও হাশের আলগীসহ ১৫ গ্রামের মানুষ যোগাযোগ থেকে বিছিন্ন হয়ে গৃহবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও ঈশ্বরগঞ্জ, উচাখিলা, রাজিবপুর এবং ব্রহ্মপুত্র নদের পাড় হয়ে ত্রিশাল, কালীবাজার ও ময়মনসিংহে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করেন এই সড়ক দিয়ে।
চর আলগী গ্রামের মো. স্বপন মিয়া (৪৪) বলেন, এই রাস্তা দিয়ে দৈনিক ১০ হাজারের বেশি মানুষ এবং ৪০০ থেকে ৫০০ অটোরিকশা, সিএনজিসহ স্কুল কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করেন। আমরা উচাখিলা ও ঈশ্বরগঞ্জ বাজারে কৃষি পণ্য বিক্রি করে জীবিকানির্বাহ করি। তাই এই রাস্তা ও কালভার্টটি ভেঙে পড়ায় আমার খুব খারাপ অবস্থায় আছি। আশেপাশের ১৫ গ্রামের প্রায় ২০ হাজার লোক এতে গৃহবন্দী হয়ে পড়েছে। সরকারের কাছে দাবি আমাদের এই গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট গুলো যেন দ্রুত মেরামত করে দেয়।
ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে বিষয়টি অবহিত করেছি। তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, আগামীকাল সরেজমিন পরিদর্শন করে কালভার্টি চলাচল উপযোগী করে তোলার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার বলেন, দুর্ভোগ নিরসনে সাময়িক চলাচলের উপযোগী করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। যেহেতু ব্রিজটি সড়ক ও জনপথ (সওজ) অধীনে তাই তাদের সাথে কথা বলে স্থায়ীভাবে মেরামতের পদক্ষেপ গ্রহণ করা হবে।
