দেশের বেশ কয়েকটি জেলায় চলছে ভয়াবহ বন্যা। ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে মন কাঁদছে দেশবাসীর। জাতীয় দলের ক্রিকেটাররাও বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন।
জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘কী লিখব? কী লেখা উচিৎ? নিজেকে অসহায় মনে হয় যখন সরাসরি দেশের কোনো দুর্যোগে পাশে থাকতে পারি না। বন্ধুদের পাঠিয়েছি, ওরা মাঠ পর্যায়ে কাজ করবে। তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাওয়ার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ওষুধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন। ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবারও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশা-আল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।’
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দুর্দান্ত বোলিং করা পেসার শরীফুল ইসলাম প্রথম দিনের খেলা শেষে ফেসবুকে লিখেছেন, ‘‘রাব্বানাকশিফ আন্নাল আযা-বা ইন্না-মু'মিনূন।’ ‘হে আমাদের রব, আমাদের থেকে আযাব দূর করুন; নিশ্চয় আমরা মুমিন হব।’ [সূরা আদ-দুখানঃ১২] হে আল্লাহ, বন্যা কবলিত মানুষের প্রতি সহায় হোন,আমিন।’
বন্যাকবলিত একটি শিশুর ছবি পোস্ট করে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান লিখেছেন, ‘এই ছবি দেখার পর নিজেরে সম্পূর্ণ অসহায় লাগতেছে। আল্লাহ দয়া করে তাদের এই পরিস্থিতিতে সাহায্য করুন।’ অবশ্য ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করছেন অনেকে।
সাবেক পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এলো, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল? এই অসহায় গরীব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না?’
‘ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেটের পরীক্ষিত বীর’