বোনাসের টাকায় বন্যার্তদের সহায়তার ঘোষণা ক্রিকেটারদের

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম

পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পুরস্কার স্বরূপ ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে বোনাসের টাকা বুঝে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একইসঙ্গে তিনি সেই টাকার অংশ দান করারও ঘোষণা দেন।

ক্রিকেটারদের চুক্তি অনুযায়ীই এই বোনাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। বোনাস গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টাকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান শান্ত। এসময় তিনি পাকিস্তান সিরিজের স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট উপহার হিসেবে দেন উপদেষ্টা আসিফ মাহমুদকে।

পুরস্কার গ্রহণ করে টাইগার অধিনায়ক বোনাসের টাকার একটা অংশ বন্যার্তদের সহায়তায় দান করার ঘোষণা দেন, ‘দলের পক্ষ থেকে আমরা সবাই সম্মতি দিয়েছি একটা অংশ তাদের সাহায্য করার জন্য আমরা দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব, দেশের আরও অনেক মানুষ আছে, তাদের যে সক্ষমতা আছে ওই অনুযায়ী পাশে থাকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত