গত কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও ভারত থেকে ধেয়ে আসা পানিতে কুমিল্লার গোমতী নদী ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এদিকে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকায় বাঁধ ভেঙে গেছে বলে ফেসবুকে গুজব ছড়ানো হয়। এতে আতঙ্কে নির্ঘুম রাত পার করেন এলাকাবাসী।
দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘রাতে সেচ প্রকল্পের ড্রেন ছাড়াও কয়েকটি স্থান দিয়ে কিছু পানি ঢুকেছিল। পরে স্থানীয়দের সহায়তায় তা বন্ধ করা হয়। তবে ফেসবুকে বাঁধ ভেঙে যাওয়ার গুজব ছাড়িয়ে পড়ে। এতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটিয়েছে।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, আজ পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বাঁধের আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
