দেশের চলমান বন্যায় দুর্গতদের সহায়তায় সাধারণ মানুষের পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়েছেন শোবিজ তারকারাও। কেউ কেউ ছুটে গেছেন দুর্গতদের উদ্ধারে, কেউ হাজির হয়েছেন ত্রাণ নিয়ে। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছেন ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা।
গতকাল থেকে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার, কাপড়, পানি এবং ওষুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তোরসা। তার টিমের কয়েকজন ফেনী ও নোয়াখালীতে গত দুই দিন ধরে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি।
বন্যাকবলিত এলাকা থেকে তোরসা বলেন, ‘আমরা ভয়ংকর সময় পার করছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মেকাবেলার প্রস্তুতি নেওয়া যেত। তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। কিন্তু আমাদের দমানো যাবে না। যেকোনো দুর্যোগ আমরা হাসিমুখে প্রতিহত করতে পারি। আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি। এই মুহূর্তে হালদার কাছাকাছি অবস্থান করছি।
যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে। আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি, অচিরেই আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেওয়ার।’
প্রযুক্তিগতভাবে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি: সাফা কবির