আবারও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারী আনসার সদস্যরা। তাদের এই বিক্ষোভের কারণে ফের অবরুদ্ধ হয়ে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রবিবার (২৫ আগস্ট) বেলা ১২টার পর সচিবালয়ের সামনে ও অন্যান্য গেটগুলোর সামনে অবস্থান নেন বিক্ষোভকারী আনসাররা। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছেন না। পাঁচটি ফটকই বন্ধ করে রাখতে হয়েছে। অবরুদ্ধতার এই পরিস্থিতিতে সচিবালয়ের পেছনের ওয়াচ টাওয়ার দিয়ে উঁচু দেয়াল টপকে এপিবিএনের সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা বের হওয়ার চেষ্টা করছিলেন।
ঘেরাও কর্মসূচির মধ্যেই সচিবালয়ে নিজ কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকের পর আনসার থেকে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত দেন। তবে তা না মেনেই ঘেরাও জারি রাখেন আনসাররা। সন্ধ্যা ৭টা পর্যন্ত সহস্রাধিক মানুষের সচিবালয়ে অবরুদ্ধ থাকার তথ্য পাওয়া গেছে।
সরজমিনে দেখা গেছে, সচিবালয়ের সবগুলো গেট বন্ধ রয়েছে। বাইরে বিক্ষোভ করছেন আনসারের সদস্যরা। এতে সচিবালয়ের ভেতরে থাকা নারী কর্মকর্তা-কর্মচারীরা বেশি বিপাকে পড়েছেন। তারা বলছেন, বাসায় গিয়ে রান্না করার প্রয়োজন, ছোট বাচ্চারা রয়েছে। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমাদের উদ্ধার করুন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিবিএন সদস্য বলেন, সকাল থেকেই ডিউটি করছি। সারাদিন খাবার খাইনি। খাবার আসতেও পারেনি। এখন বাধ্য হয়েই দেওয়াল টপকে বের হব।
চাকরি জাতীয়করণের দাবিতে গত দুদিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা।
আবারও বাড়ল স্বর্ণের দাম
জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইনের বৈধতা নিয়ে রিট