১০২ বছর বয়সে বিমান থেকে লাফ দিয়ে ব্রিটেনের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভার হয়েছেন ম্যানেটি বেইলি নামে এক নারী। নিজের ১০২তম জন্মদিনে এই রেকর্ড গড়েন ব্রিটেনের এই বৃদ্ধা। গতকাল ২৫ আগস্ট নিজের জন্মদিনে স্কাইডাইভ বা উড়োজাহাজ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। সে সময় উড়োজাহাজটি ৭ হাজার ফুট উচ্চতায় ছিল। খবর বিবিসির।
রবিবার ইংল্যান্ডের ইস্ট অ্যাংলিয়ার এলাকার বিকেলস বিমানবন্দর থেকে বেইলিকে বহনকারী বিমানটি আকাশে ওড়ে। উড়োজাহাজটি ৭ হাজার ফুট ওপরে ওঠার পর পেশাদার একজন প্যারাট্রুপারের তত্ত্বাবধানে সেখান থেকে ঝাঁপ দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই দৃশ্যের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।
১০২ বছর বয়সী ম্যানেটি বেইলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের নৌবাহিনী রয়াল নেভাল সার্ভিসে কর্মরত ছিলেন। বিয়ে করেছিলেন সেনাবাহিনীর একজন প্যারাট্রুপারকে। তবে নিছক শখের বশে কিংবা স্বামীকে স্মরণ করে এই কাজ করেননি বেইলি। বিমান থেকে ঝাঁপ দেওয়ার এই ব্যাপারটি ছিল একটি দাতব্য তৎপরতা। ইংল্যান্ডের যে গ্রামে তিনি বসবাস করেন সেই বেনহালের মিলনায়তন, মোটর নিউরন ডিজিজ অ্যাসোসিয়েশন এই ইন্ড অ্যাংলিয়ান এয়ার অ্যাম্বুলেন্সের জন্য তহবিল সংগ্রহে এ পদক্ষেপ নিয়েছেন তিনি।
বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই তিন সংস্থাকে ৩০ হাজার ইউরো দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মধ্যে এখন পর্যন্ত সংগ্রহ করতে পেরেছেন ১০ হাজার ইউরো।
ঝাঁপ দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে ম্যানেটি বেইলি বলেন, “(যখন ঝাঁপ দিলাম) সেসময় কিছুক্ষণের জন্য দমবন্ধ লাগছিল, ভয়ও পেয়েছিলাম। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করেছিলাম।”
এর আগে ২০২২ সালে নিজের ১০০তম জন্মদিনে যুক্তরাজ্যের সিলভারস্টোন এলাকায় একটি ফারারি গাড়ি ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে চালিয়ে রেকর্ড করেছিলেন ম্যানেটি বেইলি। সেই রেকর্ড এখনও অক্ষুন্ন রয়েছে।
চুরি করতে গিয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ যুবকের