ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশাচালকদের পাল্টাপাল্টি বিক্ষোভ

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১০:৫৬ পিএম

মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে আজ সোমবার সকাল ১০টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রিকশাচালকরা। দুপুর ১২টার দিকে আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়ে যায়। পরে দুপুর ১টার পর আবার ব্যাটারিচালিত রিকশাচালকরা আন্দোলন শুরু করে শাহবাগে। তারাও সড়ক-মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবি জানান।

আজ সোমবার (২৬ আগস্ট) পাল্টাপাল্টি বিক্ষোভ করতে দেখা যায় ব্যাটারি ও প্যাডেল চালিত রিকশাচালকদের। এর আগে গত ১৯ মে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে ব্যাটারিচালিত রিকশা চালকরা বিক্ষোভ করেছিল। রাজধানীর আগারগাঁও ও মিরপুর-১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন তারা।

প্যাডেলচালিত রিকশাচালকদের দাবি, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। ফলে প্যাডেল রিকশাচালকরা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সব জায়গায় অটোরিকশা চলে। ফলে তারা কোনো ভাড়া পান না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবেন। সরকার চাইলেই আগের নিয়ম চালু করতে পারে। দাবি বাস্তাবয়নের জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছেন তারা।

বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশামালিক ঐক্যজোটের আয়োজনে অবস্থান কর্মসূচিতে রাজধানীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান।

রাজধানীর রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ সাত দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেনযে প্যাডেল চালিত রিকশাচালকরা। ফলে শাহবাগ মোড়কে ঘিরে থাকা প্রতিটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল সাড়ে ৯টার পর শাহবাগ মোড়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, প্যাডেলচালিত রিকশাচালকরা স্লোগান দিচ্ছেন, ‘চলবে না ভাই চলবে না, ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চলবে না’ ও ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে’ ইত্যাদি।

ঐক্যজোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে— ঢাকা ক্ষিণ সিটি করপোরেশনের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করতে হবে; সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করতে হবে। অসুস্থ চালকদের ফ্রি ফ্রাইডে মেডিকেল চিকিৎসা প্রদান করতে হবে; ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্সপ্রাপ্ত রিকশাচালক পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করতে হবে।

এ ছাড়া বাঙালির প্রাচীন বাহন হিসেবে নৌকা, পালকি, ঘোড়াগাড়ির মতো রিকশাকেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ন্যায় ঢাকা ক্ষিণ সিটি করপোরেশন ও জাতীয় জাদুঘরে স্থান দিতে হবে; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব বীর নিহত হয়েছেন ও যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের বিগত সরকারের আমলে দুর্নীতিবাজরে অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করে, সংগৃহীত অর্থ দিয়ে পরিবারকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা প্রদান করতে হবে এবং বিগত সরকারের সময়কালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সরকার দলীয় চাঁদাবাজরা আধিপত্য বিস্তার করে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় অন্যায় ও বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা করে আসছিল, সেসব রিকশাগুলোকে বন্ধ করে, পায়ে চালিত বৈধ রিকশাকে চলাচলের সুযোগ দিতে হবে।

এদিকে রিকশাচালকদের সড়ক অবরোধ করে অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এই সড়ক ব্যবহার করা যাত্রীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত