সাম্প্রতিক নানা আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে এক এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছেন নরেন্দ্র মোদি। তবে ফোনালাপের বিষয়ে মার্কিন বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।
মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনসহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনও কথা বলেছেন কিনা সেটা মার্কিন বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
ফোনালাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাম্প্রতিক পোল্যান্ড এবং ইউক্রেন সফর নিয়ে কথা বলেছি। তার শান্তির বার্তা এবং ইউক্রেনের জন্য চলমান মানবিক সহায়তার জন্য তাঁর প্রশংসা করেছি।
বাইডেন আরও লিখেছেন, আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও নিশ্চিত করেছি।
মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এতে বাইডেন ও মোদি মধ্যকার এই ফোনালাপে বাংলাদেশ ইস্যুতে কোনও আলোচনা হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।
ইউক্রেন সফর ও বিভিন্ন ইস্যুর পাশাপাশি বাংলাদেশ ইস্যু নিয়েও কথা হয়েছে বলে এক এক্স বার্তায় উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছে— আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং সেখানে দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছি।
