ইউক্রেনে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় বার্তা সংস্থা রয়টার্সের এক নিরাপত্তা উপদেষ্টা নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন রয়টার্সের দুই সাংবাদিক।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, রায়ান ইভান্স রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। ইউক্রেনের যুদ্ধের সংবাদ সংগ্রহের কাজে পূর্ব ইউক্রেনীয় শহর ক্রামতোর্স্কের হোটেল স্যাফায়ারে রয়টার্সের ছয় কর্মী অবস্থান করছিলেন। সেখানেই শনিবার রাতে হামলার ঘটনাটি ঘটে।
রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে, আহত অবস্থায় তাদের দুই সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে অপর তিন সাংবাদিক নিরাপদে আছেন।
রয়টার্স জানায়, তাঁরা ক্রামতোর্স্কে কর্তৃপক্ষের কাছে হামলার বিষয়ে আরও তথ্য চেয়েছে। এছাড়া হতাহত সহকর্মীদের এবং তাদের পরিবারের পাশে রয়েছে বলেও জানায় এজেন্সিটি।
রয়টার্স আরও জানায়, "আমরা রায়ানের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা প্রকাশ করছি। রায়ান আমাদের অনেক সাংবাদিককে সারা বিশ্বের ঘটনা কভার করতে সাহায্য করেছেন। আমরা তাকে ভয়ানকভাবে মিস করব।"
সাবেক ব্রিটিশ সেনা ইভান্স ২০২২ সাল থেকে রয়টার্সের সঙ্গে কাজ করছিলেন। ইউক্রেন, ইসরায়েল ও প্যারিস অলিম্পিকসহ বিশ্বজুড়ে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দিতেন ৩৮ বছর বয়সী ইভান্স।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়ে রয়টার্সের মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। এছাড়া হোটেলটিতে আঘাত করা ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার দ্বারা ছোঁড়া হয়েছিল নাকি তাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ বড় শহর ক্রামাতোরস্ক। শহরটি প্রায়ই মানবিক সহায়তাকর্মী ও বিদেশি সাংবাদিকদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
সুদানে বাঁধ ভেঙ্গে বন্যায় নিহত ৬০