বোয়ালমারীতে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌর বাজারের ওয়াপদা মোড়ে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১টার দিকে বোয়ালমারী পৌর বাজারের মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের ওয়াপদা মোড়ের তানভীর মার্কেটে এ ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দোকান গুলোতে থাকা দাহ্য পদার্থে আগুন লাগায় আগুনের ভয়াবহতায় চারদিকে আতংক ছড়িয়ে পড়ে। ঘন ঘন পেট্রোলিয়াম ড্রাম বিস্ফোরণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

জানা যায়, উপজেলার ওয়াপদা মোড়স্থ মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে অবস্থিত তানভীর মার্কেটের ৪টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। এর তিনটিতে অর্পিতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সঞ্জয় পাল দাহ্য পদার্থ পেট্রোল, অকটেন, মবিল ও মোটরসাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের ব্যবসা পরিচালনা করতেন। এছাড়াও একই মার্কেটে সাজু মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী মুদি ও চায়ের দোকান ছিলো।

স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে সঞ্জয় পালের দোকানে আগুন টের দেখে আশেপাশের লোকেরা বোয়ালমারী ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ সময় দোকানে থাকা পেট্রোল ডিজেলের ড্রাম বিস্ফোরণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও দাহ্য পদার্থের পাত্র বিস্ফোরণের ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ফায়ার-সার্ভিস কর্মীদের। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনে অর্পিতা এন্টারপ্রাইজের সার্ভিসিং-এ থাকা ৪টি মোটরসাইকেলসহ সব মালামাল ও সাজু মিয়ার মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সঞ্জয় পাল বলেন, ‘সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল আমার প্রতিষ্ঠানে। ১৫ লাখ টাকা ঋণ করে মালামাল উঠিয়েছিলাম। এ ছাড়া কাস্টমারের চারটি মোটরসাইকেলও ছিলো, সব পুড়ে ছাই হয়ে গেছে।’

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনেন্দ্রনাথ চৌধুরী বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে আমাদের তিনটি দল ও স্থানীয়দের সহায়তায় পানি ও গ্যাস দিয়ে দেড় থেকে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে  দু'জন ব্যবসায়ীর সব কিছু পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত