দুমকিতে দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ দাবি শিক্ষার্থীদের

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

পটুয়াখালীর দুমকিতে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যে অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদের অপসারণ দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, নানা অজুহাতে ক্লাস ফাঁকি দেওয়া, অফিসের নাম করে স্কুলে অনুপস্থিত, গোপনে সুবিধামতো অনুগত কমিটি গঠনসহ নানা অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের কারণে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ধ্বংস হতে বসেছে। এসব অনিয়ম-দুর্নীতির হোতা প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে অপসারণ করে প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য এলাকার সচেতন সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা।  

বিদ্যালয়ের শিক্ষিকা মাহেনুর বেগম বলেন, কয়েকজন লোক এসে শিক্ষার্থীদের বাইরে ডেকে নিয়ে রাস্তায় দাঁড়াতে বাধ্য করেছে। কি কারণে কেন এ মানববন্ধন তার কিছুই তিনি জানেন না।

মানববন্ধনকালে অভিযুক্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ স্কুলে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে অনিয়ম-দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় একটি চক্র অহেতুক তাকে হেনস্থা করতে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে রাস্তায় নামিয়েছে।’ 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন্নাহার ইয়াসমিন বলেন, ‘এইমাত্র খবরটি শুনেছেন। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করবেন এবং তার নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

অন্তর্বর্তী সময়ের জন্য প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মাহমুদ বলেন, ‘ঘটনাটি অবগত হয়ে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কারো কোন অভিযোগ থাকলে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত