পদযাত্রায় পুলিশি হামলা

পশ্চিমবঙ্গে সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক বিজেপির

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম

পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের সচিবালয় ‘নব্বান্ন’ অভিমুখে পদযাত্রায় অংশ নেওয়া জনতার ওপর পুলিশি হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। বুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করবে দলটি। খবর হিন্দুস্তান টাইমস।

চলতি মাসের শুরুতে আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে ‘নব্বান্ন’ অভিমুখে এ পদযাত্রা ডাক দিয়েছিল শিক্ষার্থীরা।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার জনগণকে সাধারণ ধর্মঘটে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মঘট সত্ত্বেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরিবহন পরিষেবা চলবে, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। রাজ্যের সরকারি কর্মীদের কর্মস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

ধর্ষণ-হত্যার ঘটনা আড়াল করার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। মমতাকে স্বৈরশাসক উল্লেখ করে তিনি বলেন, 
‘সংবিধানকে গলা টিপে হত্যা করা হচ্ছে’, অপরাধীদের পরিবর্তে মুখ্যমন্ত্রী ছাত্রদের টার্গেট করছেন, তবুও ইন্দিরা জোট নীরব।

ভাটিয়া বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই অবস্থান নিয়েছেন যে তিনি নারীদের ন্যায়বিচার ও সুরক্ষা দিতে ব্যর্থ হলেও অভিযুক্তদের রক্ষা করবেন। কলকাতা হাইকোর্ট বলছে, ‘রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হয়েছে’ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যার জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যবাদী নেতৃত্ব।

এদিকে শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় বিক্ষোভকারীদের মোকাবিলায় কলকাতা পুলিশের কঠোর আচরণের সমালোচনা করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এক্স-এর একটি পোস্টে তিনি বলেছেন, ‘দিদির পশ্চিমবঙ্গে ধর্ষক এবং অপরাধীদের সাহায্য করা মূল্যবান কিন্তু নারীর নিরাপত্তার জন্য কথা বলা একটি অপরাধ।’

অবশ্য মমতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিজেপিকে দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস। দলটির নেতাদের অভিযোগ, ‘বিজেপির গুণ্ডারা’ প্রতিবাদকে সহিংস রূপ দিয়েছে।

এক্সে দেওয়া পোস্টে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ লিখেছেন, ‘বিজেপির বাংলা বনধ ব্যর্থ করুন। সবাই দেখেছেন, আজ বিজেপির গুন্ডারাই হামলা, ব্যারিকেড ভাঙা, পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ জখম। তবু সংযত। ওরাই গোলমাল করেছে। ওরাই অচলাবস্থা জন্য বনধ ডাকছে। এই বনধ ব্যর্থ করুন। জনজীবন স্বাভাবিক রাখুন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত