গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে প্রধান বিচারপতির কাছে স্বজনদের স্মারকলিপি 

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:২১ পিএম

অপহরণ ও গুমের শিকার ব্যক্তিদের জীবিত ফেরত ও নির্যাতনের বিচার চেয়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ‘গুম পরিবারের সদস্য’র সমন্বয়ক মো. বেল্লাল হোসেনের দেওয়া এ স্মারকলিপি গ্রহণ করেন।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে স্বজনেরা মানববন্ধন করেন। বেল্লাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, গুম হওয়া ৬৪ ব্যক্তির পরিবারের পক্ষে প্রধান বিচারপতির উদ্দেশ্যে এ স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে বেল্লাল হোসেন বলেন, স্বজনহারা পরিবারগুলো দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসলেও কোনও সুফল পাইনি। গুম ব্যক্তিদের পরিবারের সদস্যরা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান, প্রশাসনিক বাধা উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে দীর্ঘ দিন যাবত গুম ও অপহরণ ব্যক্তিকে খোঁজার জন্য সংগ্রাম ও আন্দোলন করে আসছি। ইতিমধ্যে গোপন ডিটেনশন সেল থেকে অনেক মানুষ মুক্তি পেয়েছে। আমরা আমাদের ভাইদের সম্পর্কে জানতে চাই। তারা কোথায় এবং কেমন আছে। তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এ ছাড়া আমরা নিশ্চিত করব যে সমস্ত অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে এবং সত্য উন্মোচন করা হচ্ছে এবং তাদের শাস্তি দেওয়া হচ্ছে। আমরা প্রতিটি পরিবার অনেক অসহায় তাই আপনার (প্রধান বিচারপতি) সাহায্য ও সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন।

স্মারকলিপিতে বেশকিছু বিষয় তুলে ধরে বলা হয়, এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, খুন, অপহরণের বিচারের সু-ব্যবস্থা করা, আয়না ঘরের তালিকা ও স্বজনহারা পরিবারকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দেওয়া, গুম হওয়া ব্যক্তির সন্ধান যদি না পাওয়া যায়, সে ক্ষেত্রে সরকারের এমন একটি সিদ্ধান্তের মাধ্যমে উক্ত পরিবারের সন্তানদের পড়াশোনা ও ভরণ-পোষণ এর জন্য রেখে যাওয়া সম্পত্তি, বিক্রয় বা হস্তান্তর করতে পারে সে ধরনের একটি সনদ বা সার্টিফিকেট প্রদানে সরকারকে দিক নির্দেশনা দেওয়া ইত্যাদি।

প্রধান বিচারপতির উদ্দেশে বলা হয়, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, সরকারিভাবে মামলা পরিচালনা করার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া অনেক মামলায় অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে আমাদের বিপক্ষে চার্জশিট দিয়েছে যা ন্যায়বিচার থেকে আমরা বঞ্চিত হয়েছি, সে ব্যাপারে আপনার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় অনেকের নাম মামলায় অন্তর্ভুক্ত করতে পারিনি, তাদের নামে মামলা করতে চাই। এ ছাড়া প্রতিটি নিখোঁজ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের জন্য সরকারকে নির্দেশ দেওয়ার জন্য আপনার সহযোগিতা একান্ত কাম্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত