মাত্র দুই মাসে ২০ কোটিরও বেশি দর্শক দেখেছে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ গানটি। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেলে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ছবিটির পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা পায় শাকিব খান ও মিমি চক্রবর্তীর পারফর্ম করা ‘দুষ্টু কোকিল’ গানটিও।
গত ২৬ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। মুক্তির পর বাংলা সিনেমার গানে দর্শক ভিউয়ে নতুন রেকর্ড গড়েছে গানটি। মাত্র দুই মাসের ব্যবধানে দুটি চ্যানেলে গানটির দর্শক ভিউ ২০ কোটি পার হয়ে গেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর পর্যন্ত চরকি ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ ১৩৮ মিলিয়নের ওপরে। এসভিএফ ইউটিউব চ্যানেলে ৬৭ মিলিয়নের ওপরে। অফিশিয়ালি মুক্তি পাওয়া দুটি চ্যানেলে মোট ভিউ ২০৫ মিলিয়নের ওপরে, অর্থাৎ এই দর্শক ভিউ ২০ কোটি ৫০ লাখ পার হয়ে গেছে।
এত কম সময়ে ইউটিউবে এটি দেশীয় বাংলা সিনেমার কোনো গানে নতুন রেকর্ড। গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন। এর গীতিকার ও সুরকারও আকাশ সেন।
গানটির এমন রেকর্ডে উচ্ছ্বসিত কণ্ঠশিল্পী কনা। তিনি বলেন, ‘নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর। আমাদের সংগীতাঙ্গন অনেক দিন থেকেই ভালো নেই। আগের মতো ভালো, জনপ্রিয় গানের জোয়ার নেই। এর মধ্যে এই গান বাংলা সিনেমার গানে নতুন মাত্রা দিয়েছে। যদিও মুক্তির আগে গানটি নিয়ে তেমন কোনো প্রত্যাশা ছিল না আমার। কারণ, গানটি প্রায় এক বছর আগে তৈরি করা ছিল। সিনেমাটির শুটিংয়ে যাওয়ার আগে আগে পরিচালক রায়হান রাফী গানটি শুনে পছন্দ করেন। পরে দর্শক লুফে নেন।’
তুফান সিনেমায় শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর ও নাবিলাসহ অনেকে।
মাহিকে এয়ারপোর্টে দেড় ঘণ্টা বসিয়ে রেখে গোয়েন্দা কাগজ চেক