নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, রংধনু গ্রুপ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও তার ভাই মিজানুর রহমান মিজানসহ ৭৪ জনের বিরুদ্ধে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে পিস্তল দিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে আইয়ুব আলী নামের ওই ব্যক্তি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। আইয়ুব আলী চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সেকেন্দার আলীর ছেলে।
মামলায় ৫৯ জনকে নামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় গোলাম দস্তগীর গাজী ছাড়াও তার ছেলে গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা, নাফিজ ইকবাল, চনপাড়া ইউপি সদস্য শমসের আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনও রয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেল ৫ টার দিকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মানিক মিয়ার বাড়ির সামনে পৌঁছলে আসামিরা আইয়ুব আলীর পথরোধ করে। এক পর্যায়ে আইয়ুব আলীকে এলোপাতাড়িভাবে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে পেটে পোঁচ মেরে গুরুতর আহত করলে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।
একপর্যায়ে আসামিরা হাতে থাকা পিস্তল দিয়ে গুলি করে পেটে এবং বাম ও ডান পায়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা কাকরাইল এরোরা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বনশ্রী ফরাজি হাসপাতালে চিকিৎসা নিতে হয় আইয়ুব আলীর।
রাস্তায় বিবস্ত্র হয়ে ধর্ষণের বিচার চাইলেন তরুণী