আনসারদের চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়া কঠিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় আনসার বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি মেনে নেওয়া কঠিন।

আজ বুধবার (২৮ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভের সঙ্গে সাক্ষাতে উপদেষ্টা এ কথা জানান। এ সময় তারা বাংলাদেশের নিরাপত্তা ও কৃষিখাতে সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স আনসারদের সমস্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, 'আনসাররা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় এ দাবি মেনে নেওয়া দুরূহ।'

'তবে সমস্যার সমাধান হয়েছে' উল্লেখ করে তিনি বলেন, 'তিন বছর পরপর আনসাররা যে ছয় মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এর ফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ওই সময়ে তারা বেতন-ভাতাদি পাবেন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত