সাবেক ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৭:০৬ এএম

আদালত অবমাননার অভিযোগে পেশায় সাময়িক স্থগিতাদেশ জারি ও জরিমানা করার কারণে সাবেক তিন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সাবেক চার বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আবেদন করেছেন এক আইনজীবী।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন। সাবেক তিন প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও ওবায়দুল হাসান। সাবেক চার বিচারপতি হলেন মো. ইমান আলী, মির্জা হোসেন হায়দার, আবু বকর সিদ্দিকী ও মো. নুরুজ্জামান।

আবেদনে আইনজীবী বলেছেন, ‘শুনানির সুযোগ না দিয়ে ক্ষমতার অপব্যবহার করে এখতিয়ারবহির্ভূতভাবে আদালত অবমাননার নামে আমাকে শাস্তি দেন সাবেক তিন প্রধান বিচারপতিসহ ৭ বিচারপতি, যা অসাংবিধানিক এবং আদালত অবমাননা আইন, ১৯২৬-এর লঙ্ঘন। তিনি ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর একটি মামলার বিষয় উল্লেখ করে বলেন, এ মামলায় তার আইন পেশার ওপর স্থগিতাদেশ দিয়ে আদালত অবমাননার রুল দেয়। এরপর একই বছরের ১২ অক্টোবর রুল নিষ্পত্তি করে তাকে তিন মাসের জন্য আইনি অনুশীলনের ওপর স্থগিতাদেশ দেয় আপিল বিভাগ।’

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে আদালত অবমাননা আইন, ১৯২৬-এর ৭ ধারায় অভিযোগ প্রমাণিত হলে হাইকোর্ট শাস্তি দিতে পারে, আপিল বিভাগ সরাসরি শাস্তি দিতে পারে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত