উত্তরপ্রদেশে নেকড়ের হানা, ছয় শিশুসহ ৭ জনের মৃত্যু

  • নেকড়ের হামলায় গত ৪৭ দিনে ছয় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে
  • তিনটি নেকড়েদের মধ্যে একটি ধরা হয়েছে বলে জানিয়েছেন বোন কর্মকর্তারা
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম

ভারতের উত্তরপ্রদেশে গত দুই মাসে বেড়েছে নেকড়ের আক্রমণ। নেকড়ের হামলায় বিগত ৪৭ দিনে ছয় শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ২২ জন। রাজ্যের বাহরাইচ গ্রামে গত দুমাসে এসব ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া।

আনন্দবাজার জানায়, বাহারআইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত নেকড়ের হামলার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার জেলা প্রশাসন জানায়, প্রায় দুমাস ধরে চলছে নেকড়ের এ তাণ্ডব। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়দের জীবনযাত্রা। রাতদিন জীবন নিয়ে ভয়ে থাকছেন তারা।

গ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা ক্যামেরা ও ড্রোনের সাহায্যে নেকড়ে খুঁজে বের করার চেষ্টার পাশাপাশি ফাঁদ পাতা হচ্ছে। এছাড়া নেকড়েকে সাময়িকভাবে অজ্ঞান করার জন্য ট্র্যাংকুলাইজারও ব্যবহার করা হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, বন বিভাগের ২৫টি দল, তিনটি ভিশন ড্রোন, নেট এবং ট্র্যাংকুলাইজার বন্দুক দিয়ে বাহরাইচের সিসিয়া গ্রামে আখের ক্ষেত থেকে তিনটি নেকড়েদের মধ্যে একটিকে সফলভাবে আটক করেছে। বাকি দুই নেকড়ে ধরার চেষ্টা এখনও চলছে বলে জানিয়েছেন এক বন কর্মকর্তা।

ধারণা করা হচ্ছে তিনটি নেকড়েই গত দুই মাসে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে।

বাহারআইচ জেলার নেপাল সীমান্তবর্তী কাটার্নিয়াঘাট ব্যাঘ্রপ্রকল্পের বাফার জ়োনে নেকড়ের উপস্থিতি রয়েছে। প্রাথমিক অনুমান, হামলাকারী তিনটি নেকড়ে সেখান থেকেই লোকালয়ে এসে আশ্রয় নিয়েছে।

১৯৭২ সালের ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী ধূসর নেকড়ে ১ নম্বর তফসিল অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বে সংরক্ষিত প্রজাতি। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী ভারতে তাদের আনুমানিক সংখ্যা তিন হাজারেরও কম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত